প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের বৈঠককে পতিত স্বৈরাচারী শক্তির দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে দলীয় পরিচয় ও আদর্শিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সব গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ থাকার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, পতিত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সব গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী রাজনৈতিক শক্তি তাদের রাজনৈতিক মত, বিশ্বাস ও আদর্শ নির্বিশেষে ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি আরও বলেন, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এ আলোচনায় এমন একটি বাংলাদেশ গড়ার অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে, যেখানে রাজনৈতিক সহাবস্থান, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকবে।
এর আগে দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগের মধ্যে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এনসিপির প্রতিনিধিদলের সদস্যরা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এদিন দুপুর ১টা ২০ মিনিটের দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় দুপুর ২টায়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মাহ্দী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষায় সব শ্রেণি-পেশা, ধর্ম ও রাজনৈতিক বিশ্বাসের মানুষকে ঐক্যবদ্ধ হয়েছিল, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও স্বাধীনতা নিশ্চিত হবে।