জাপানের কাছে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৬ অক্টোবর) জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন দেশটির আইনপ্রণেতাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ সহযোগিতা চান তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, টোকিওর ইম্পেরিয়াল হোটেলে স্থানীয় সময় বেলা ৩টায় জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের (জেবিপিএফএল) প্রতিনিধিদলটি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে।
বৈঠকে প্রধানমন্ত্রী জেবিপিএফএলের নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অব্যাহত অবদানের জন্য তারো আসোকে ধন্যবাদ জানান।
২০০৬ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে জাপান সফরের সময় তারো আসোর সঙ্গে সাক্ষাতের কথাও স্মরণ করেন তিনি।
তারেক রহমান বলেন, জাপানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তারো আসো দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ধারাবাহিকভাবে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রেখেছেন।
বাংলাদেশের সঙ্গে তারো আসোর দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পৃক্ততা দুই দেশের বন্ধুত্ব আরও গভীর করতেও সহায়তা করেছে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক ও জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।