দক্ষিণ কোরিয়ার শিল্পগোষ্ঠী এসকে গ্রুপ কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ীকেও জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন সোমবার (২৩ নভেম্বর) এসব তথ্য জানান।
তিনি বলেন, এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এসকে গ্রুপের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা দেয় প্রতিনিধিদল।
তারা জানায়, দক্ষিণ কোরিয়ার অন্যতম প্রধান শিল্প ও জ্বালানি কেন্দ্র উলসানের মতো মাতারবাড়ীকেও জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে এসকে গ্রুপের আগ্রহকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে তার সরকার আন্তরিকভাবে কাজ করছে।