শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থা ও রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছিল। এসব মানহীন প্রতিষ্ঠান থেকে উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি হয়েছে এবং বিপুলসংখ্যক সম্ভাবনাময় তরুণ হতাশার মধ্যে পড়েছেন।
অনেক বিশ্ববিদ্যালয়কে ব্যবসা ও অতিরিক্ত মুনাফার কেন্দ্রে পরিণত করা হয়েছিল উল্লেখ করে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
শুধু বিশ্ববিদ্যালয় বা ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে উচ্চশিক্ষার সাফল্য পরিমাপ করা যায় না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানই একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্যের প্রকৃত মাপকাঠি।’
দেশে বিভিন্ন ধারার শিক্ষাব্যবস্থা থাকার কারণে সুযোগ, গুণগত মান ও দক্ষতার ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন রাষ্ট্রপতি।
শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে।
এছাড়া বৈশ্বিক জ্ঞান ও অভিজ্ঞতা গ্রহণের পাশাপাশি দেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উচ্চশিক্ষার সঙ্গে শ্রমবাজারের চাহিদার আরও নিবিড় সংযোগ তৈরির কথাও বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, কর্মসংস্থানমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম তৈরি এবং ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, ‘তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।’
উচ্চশিক্ষায় গবেষণা ও উদ্ভাবনের গুরুত্বের ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, নতুন জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনে উৎসাহ দেওয়ার পাশাপাশি গবেষণার ফলাফল যেন মানুষের কল্যাণে কাজে লাগে, সেদিকে বিশ্ববিদ্যালয়গুলোকে মনোযোগ দিতে হবে।