আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এবং গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন দায়িত্ব পালন করছে।
গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া মোড়, কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, শিল্পাঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে বিজিবির ছয় প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেটের প্রয়োজন ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা নির্ধারিত দায়িত্ব পালন করছেন।
সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালন করছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।