সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সরকার যাচাই করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পলাতক সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
এ সময় তিনি বলেন, ‘এর সত্যতা আমি এখনও যাচাই করতে পারিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সেটা খোঁজখবর নিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এর আইনগত ভিত্তি কী, আদৌ আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কি না কিংবা আবেদন করার অধিকার আছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন, এনআইডি আইনসহ সংশ্লিষ্ট সব আইন পর্যালোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে কথা বলবে।’
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রাথমিকভাবে এটুকু বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছেন, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চিঠি পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়। এর বেশি এই মুহূর্তে বলার দরকার নেই।’
এদিকে কয়েক দিন ধরে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, বিভিন্ন স্থাপনায় হামলা ও বাসে অগ্নিসংযোগ নিয়েও সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান।
জবাবে তিনি বলেন, ‘পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে কিছু বাস ও স্থাপনায় হামলা করছে। পুলিশ আইনি ব্যবস্থা নেবে এবং কঠোরভাবে এসব দমন করবে।’