বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার তার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে (১৯) আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
গত ১ নভেম্বর প্রথম দফায় মঞ্জুর করা চার দিনের রিমান্ড শেষে এদিন দিশাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে দিশা জানিয়েছেন, ২৭ অক্টোবর রাতে তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন তিনি। ওই দিন সন্ধ্যায় তারা সিপি ফাইভ স্টার স্ন্যাকসেও খাবার খেয়েছেন। এছাড়া তাহসিফের সঙ্গে মোটরসাইকেলের গ্যারেজসহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন তিনি।
দিশার দেওয়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তদন্ত কর্মকর্তা।
মামলার আরেক আসামি তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপও বর্তমানে রিমান্ডে রয়েছেন। দিশা ও দ্বীপের দেওয়া তথ্য মিলিয়ে দেখা প্রয়োজন বলেও উল্লেখ করেন পরিদর্শক।
এর আগে ৩১ অক্টোবর দিবাগত রাতে কাফরুলের বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়।
গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। ৩০ অক্টোবর রাতে রাজধানীর উত্তরখান থানায় এ ঘটনায় মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম।