জেরিকা তাসনিম দিশা
সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দেখা যাওয়া তরুণী ফের রিমান্ডে
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার তার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে (১৯) আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
গত ১ নভেম্বর প্রথম দফায় মঞ্জুর করা চার দিনের রিমান্ড শেষে এদিন দিশাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে দিশা জানিয়েছেন, ২৭ অক্টোবর রাতে তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন তিনি। ওই দিন সন্ধ্যায় তারা সিপি ফাইভ স্টার স্ন্যাকসেও খাবার খেয়েছেন। এছাড়া তাহসিফের সঙ্গে মোটরসাইকেলের গ্যারেজসহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন তিনি।
দিশার দেওয়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তদন্ত কর্মকর্তা।
মামলার আরেক আসামি তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপও বর্তমানে রিমান্ডে রয়েছেন। দিশা ও দ্বীপের দেওয়া তথ্য মিলিয়ে দেখা প্রয়োজন বলেও উল্লেখ করেন পরিদর্শক।
এর আগে ৩১ অক্টোবর দিবাগত রাতে কাফরুলের বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়।
গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। ৩০ অক্টোবর রাতে রাজধানীর উত্তরখান থানায় এ ঘটনায় মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম।
১৮ দিন আগে
সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দেখা যাওয়া তরুণী রিমান্ডে
সিসিটিভি ফুটেজে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির সঙ্গে দেখা যাওয়া জেরিকা তাসনিম দিশার (১৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১ নভেম্বর) পুলিশ তাকে আদালতে হাজির করলে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন দিশাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।
পরিদর্শক ফিরোজ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তরা এলাকার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ২৭ অক্টোবর রাতে দিশা তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন। এছাড়া তারা কয়েকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসেও গিয়েছেন। একটি মোটরসাইকেল গ্যারেজেও তাহসিফের সঙ্গে দিশাকে দেখা গেছে।
তাহসিফের মোটরসাইকেলে করে দিশা বিভিন্ন স্থানে যাতায়াত করতেন বলেও জানান তদন্ত কর্মকর্তা।
তাহসিফের মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণ করেও দেখা গেছে, তিনি দিশার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছেন।
এর আগে রবিবার রাত ২টার দিকে কাফরুলের নিজ বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করে পুলিশ।
তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকেও চার দিনের রিমান্ডে পাঠান আদালত।
তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বাবা কে এম এনায়েতুল করিম শুক্রবার রাতে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন। এর আগে ২৮ অক্টোবর টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন।
২১ দিন আগে