ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই সপ্তাহের যুদ্ধবিরতির ফলে উভয় দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসায় তিনি এ মন্তব্য করেন।
স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি, যুদ্ধ শেষের কাছাকাছি। আমি বলতে চাচ্ছি, আমি এটাকে শেষের খুব কাছাকাছি হিসেবেই দেখছি।
এদিকে, মার্কিন ডেমোক্র্যাট সিনেটররা প্রেসিডেন্টর যুদ্ধকালীন ক্ষমতা সীমিত করতে বুধবার আরেকটি ভোটের পরিকল্পনা করছেন।
যুদ্ধ ক্ষমতাবিষয়ক প্রস্তাব উত্থাপনকারী সিনেটর ট্যামি ডাকওয়ার্থ বলেছেন, ট্রাম্পের এই যুদ্ধ আমেরিকানদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। এটি দেশের বাজারে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।
তিনি বলেন, আমাদের অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আগে এবং আরও প্রাণহানির আগেই সিনেটের উচিত তার সাংবিধানিক দায়িত্ব পালন করা। এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করার জন্য আমাদের ভোট দেওয়া উচিত।
মার্কিন সংবিধান অনুযায়ী, কেবল কংগ্রেসেরই যুদ্ধ ঘোষণা করার এখতিয়ার রয়েছে। সিনেট এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভস—উভয় কক্ষের ডেমোক্র্যাটরা সামরিক পদক্ষেপ নেওয়ার আগে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করার বিধান চালু করার জন্য বারবার প্রস্তাব পাসের চেষ্টা করছেন। তবে এই প্রচেষ্টাগুলো রিপাবলিকানদের কারণে বারবার ব্যর্থ হয়েছে। কারণ উভয় কক্ষেই তারা সামান্য ব্যবধানে সংখ্যা গরিষ্ঠতা বজায় রেখেছেন।
সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার বলেছেন, যতদিন এই সংঘাত চলবে, ডেমোক্র্যাটরা প্রতি সপ্তাহে এই ইস্যুতে ভোট দিতে বাধ্য করবে।