আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব দিয়েছে বিরোধী দল। একই সঙ্গে পানি-সংক্রান্ত জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে এ প্রস্তাব জমা দিয়েছেন।
প্রস্তাবে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও দেশের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে।
একই বিধিতে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র মোহাম্মদ নাজিবুর রহমান তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও অন্যান্য কাঠামোগত চ্যালেঞ্জ এবং এ খাতের সম্ভাবনা কাজে লাগানোর উপায় নিয়ে সাধারণ আলোচনার প্রস্তাব দিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) সংবাদমাধ্যমকে এসব প্রস্তাবের কথা জানান পাবনা-১ আসন থেকে নির্বাচিত নাজিবুর রহমান ।
১৪৭ বিধিতে প্রস্তাবগুলো গ্রহণ করা হলে সংসদে সেগুলো নিয়ে আলোচনা হবে। আলোচনার সময়সীমা নির্ধারণের ক্ষমতা রয়েছে স্পিকারের হাতে।
এদিকে ৬৮ বিধিতে আলোচনার জন্য আরও দুটি প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
পটুয়াখালী-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের জন্য সারের সংকট, কালোবাজারে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ, বিতরণব্যবস্থায় অনিয়ম এবং সার ডিলার নিয়োগে কথিত দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ মোকাবিলায় সরকারের অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন।
এছাড়া কুড়িগ্রাম-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. মাহবুবুল আলম এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা, দাম নির্ধারণে গণশুনানি ও আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ এবং নির্ধারিত সরকারি দামের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রির বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন।
৬৮ বিধিতে আরও তিনটি প্রস্তাব জমা দেওয়া হবে বলেও জানান নাজিবুর রহমান।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর জাপান সফর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন বলে আশা করা হচ্ছে।
ঢাকা-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন। আর মীর কাসেম রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন।
৬৮ বিধিতে কোনো প্রস্তাব গ্রহণ করা হলে সাধারণত সংসদে তা নিয়ে এক ঘণ্টা আলোচনা হয়।