শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য ওসমান ফারুক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদের অধিবেশন শুরুর কিছুক্ষণ পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ ঘোষণা দেন।
হাফিজ উদ্দিন বলেন, ‘আমি ১৫ নভেম্বর পদত্যাগপত্রটি পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’
এ সময় তিনি সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য হয়েছে বলে ঘোষণা করেন।
সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮(৩) বিধি অনুযায়ী আসন শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানানো হচ্ছে বলেও উল্লেখ করেন স্পিকার।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি।
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়টি জাতীয় সংসদ সচিবালয়কে চিঠির মাধ্যমে অবহিত করেছিলেন তিনি।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে নির্বাচিত হন ওসমান ফারুক।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় ২০০১ সালের ১০ অক্টোবর থেকে ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।