নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাঈল আল রাজিবকে (৪৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ডা. ইসমাঈল আল রাজিব রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল কর্মকর্তা হিসেবে যোগদান করেন। প্রায় ৯ মাস আগে তিনি হাসপাতালের আরএমও হিসেবে দায়িত্ব পান।
এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল নাঈম বলেন, হাসপাতালের আরএমও ডা. ইসমাঈল আল রাজিব ইয়াবাসহ আটক হয়েছেন। পুলিশের তদন্তের পর অভিযোগের সত্যতা জানা যাবে। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একজন ডাক্তার হয়ে মাদকের সঙ্গে জড়িত থাকার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মাদক সেবন করলে তিনি কখনোই চিকিৎসা দিতে পারবেন না। ঘটনা সত্য বলে প্রমাণিত হলে তিনি শুধু আইনের চোখে অপরাধী নন, আমাদের চিকিৎসার দিক দিয়েও নিয়ম ভঙ্গ করেছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ডা. ইসমাঈলকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।