মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে চাঁদপুর জেলার পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ শিকারের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই জেলার মেঘনা নদী ও মৎস্য অবতরণ কেন্দ্র ফাঁকা ও জনমানবহীন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জেলার বৃহত্তম ও শতবর্ষী বড়স্টেশন মৎস্যঘাট, টিলাবাড়ী ও লঞ্চঘাট এলাকায় গিয়ে নদীর পাড় প্রায় পুরোটাই ফাঁকা দেখা যায়। কোনো মাছ ধরার নৌকা বা ট্রলারও চোখে পড়েনি।
এ সময় জেলেদের সচেতন করতে জেলা মৎস্যজীবী সংগঠনের সদস্যদের ট্রলারে করে নদীর বিভিন্ন অংশে মাইকিং করতে দেখা যায়।
সাধারণত জনমুখর ও ব্যস্ত থাকা বড়স্টেশন মৎস্যঘাটে বিরাজ করছে অস্বাভাবিক নীরবতা। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার ঠিক আগের দিন বুধবার রাত সাড়ে ১১টা পর্যন্তও পুরো এলাকাজুড়ে কেনাবেচা ও হাঁকডাক ছিল।
জেলা টাস্কফোর্সের সিদ্ধান্ত ও প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এই ২২ দিন জেলার সব বরফকলও বন্ধ থাকবে। তবে এই নিষেধাজ্ঞা স্থানীয় পুকুর, খাল, বিল ও হ্রদে চাষ করা মাছের ওপর প্রযোজ্য হবে না।
ঘাটের ইলিশ ব্যবসায়ী নুরুল ইসলাম, জালাল হাজী ও আলী আকবর জানান, তারা সাধারণত সকাল থেকে রাত ১০টা পর্যন্ত আড়তেই অবস্থান করেন। তবে আড়তে আজ কাজ না থাকলেও তারা উপস্থিত ছিলেন।
সাধারণ সময়ে এই ঘাটে প্রায় ১৫০ জন দিনমজুর নানা ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করেন বলে জানান মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ শবেবরাত সরকার।