রাজধানীর কামরাঙ্গীরচরে বহুতল ভবন থেকে নিচে পড়া গ্যাস সিলিন্ডারের আঘাতে জামাল (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় তিনি নিজ বাসার ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কামরাঙ্গীররচরের নূরবাগ এলাকার পুরানো পুলিশ ফাঁড়ি গলির একটি বাসার সামনে এই ঘটনায় জামাল গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জামাল নূরবাগ এলাকার ওই গলিতে টিনশেড বাড়িতে সপরিবারে থাকতেন। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। তার দুটি সন্তান রয়েছে।
জামালের স্ত্রী বিউটি বলেন, রাতে তার স্বামী বাসার ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন। তাদের টিনশেড ঘরের দুই পাশে একটি পাঁচতলা ও একটি ছয়তলা ভবন রয়েছে। হঠাৎ পাশের যেকোনো একটি ভবন থেকে একটি গ্যাস সিলিন্ডার প্রথমে তাদের ঘরের টিনের চালের ওপর পড়ে। এরপর সেটি জামালের মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন।
তবে সিলিন্ডারটি কীভাবে বা কোন ভবন থেকে পড়েছে সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল।