খুলনার চাঞ্চল্যকর বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবির খুলনা ও বরিশাল ব্যাটালিয়নের যৌথ অভিযানে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা আদাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রিফাত সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং এফএমআরটি ডিসিপ্লিনের ষোড়শ ব্যাচের ছাত্র ছিলেন।
এসআরবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাত ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খুলনা এসআরবির সদস্যরা তার অবস্থান নিশ্চিত করেন। পরে সোমবার রাতে খুলনা ও বরিশাল এসআরবির যৌথ অভিযানে কুড়িয়ানা আদাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে রিফাত আজমুল হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্যান্য অভিযুক্তকে গ্রেপ্তারে এসআরবির সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন।
আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রিফাতকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে।