গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে নিখোঁজ এক নারী ও তার পাঁচ বছর বয়সী মেয়েকে ২০ দিন পর বগুড়ার শিবগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) তাদের সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করেন এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৩ গাইবান্ধার সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
মনিরুজ্জামান জানান, গত ৩০ সেপ্টেম্বর সকাল থেকে গৃহবধূ মিতু আক্তার ও তার মেয়ে আকসা নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তাদের না পেয়ে ১ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় সাধারণ ডায়রি (জিডি) করে পরিবার। পুলিশও দীর্ঘদিন খোঁজাখুঁজির পর তাদের না পাওয়ায় বিষয়টি আমলে নেয় এসআরবি-১৩।
গোপন সূত্রে খবর পেয়ে এসআরবি-১৩-এর একটি দল গতকাল (সোমবার) বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আজিজুর রহমানের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে নিখোঁজ মিতু আক্তার ও তার মেয়েকে উদ্ধার করা হয়।
এদিকে তারা কীভাবে নিখোঁজ হলো কিংবা বগুড়ায় পৌঁছাল, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।