সিলেটের গোলাপগঞ্জে পৃথক দুটি ঘটনায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি এবং গাছে ঝুলন্ত অবস্থায় আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ জুন) বিকালে উপজেলার ভাদেশ্বরের কানিশাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় কাদির আহমদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন।
নিহত কাদির আহমদ উপজেলার শরীফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোকামবাড়ির মৃত পুতুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল (শনিবার) কানিশাইল এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়লে অটোরিকশায় থাকা কাদির আহমদ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই দিন দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রাম থেকে আমান উদ্দিন সেলিম (৪৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমান উদ্দিন সেলিম ওই গ্রামের মৃত মুছাব্বিরের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে নিজ বাড়ির আঙিনায় একটি আমগাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনি কার্যক্রমের অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই দুই মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম।