চট্টগ্রাম মহানগরীর খুলশীতে চন্দা শর্মা কান্তা (৩৬) নামের এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) রাতে দক্ষিণ খুলশী এলাকায় তার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চন্দা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতকানিয়া উপজেলার আমিলাইশ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে ও মলই কান্তি শর্মার স্ত্রী।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, রাতে বাসায় একা ছিলেন চন্দা। পরে তার স্বামী কাজ থেকে ফিরে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দারোয়ানকে ডেকে দরজা ভাঙেন তিনি। এ সময় ঘরে ফ্যানের সঙ্গে চন্দাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
তিনি আরও জানান, খবর পেয়ে রাতে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ওসি বলেন, এ ঘটনায় মৃত শিক্ষিকার পরিবার থেকে কোনো অভিযোগ জানানো হয়নি।
মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।