চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ বাসযাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা এলাকায় এ দুর্ঘটনা হয়।
নিহতদের মধ্যে নেত্রকোনার ইব্রাহিম নামের ছয় বছরের এক শিশু ও স্বপ্না নামের এক নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, রাতে যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিল বাসটি। পথে ছোট কুমিরা এলাকায় যান্ত্রিকত্রুটি দেখা দিলে যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়ায়।
এ সময় দ্রুতগতির একটি লরি পেছন দিক থেকে এসে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত ছয়জনকে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।