চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি ওয়ান শুটার গানসহ ফরহাদ হোসেন (৩৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ফরহাদ ওই এলাকার ছৈয়াল বাড়ির বাসিন্দা ও মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।
চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল জানায়, মতলব উত্তর থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চর ওয়েস্টার এলাকায় অভিযান চালায়। এ সময় ফরহাদকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, আটক ফরহাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এছাড়া অস্ত্র উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি ফরহাদকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।