চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ২০ জেলেকে ১০ ও ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা টাস্ক ফোর্সের আওতায় এ অভিযান চালানো হয়। অভিযান শেষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে কোস্ট গার্ড চাঁদপুরের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানে অংশ নেওয়া সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, অভিযানে ২০ জেলেকে আটক করা হয়। এ সময় ৩০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ইঞ্জিনচালিত তিনটি কাঠের মাছ ধরার নৌকা জব্দ করা হয়। আটক জেলেদের মধ্যে ১৩ জনকে ১০ দিন করে এবং বাকি সাতজনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
জব্দ করা ইলিশ আজ (শুক্রবার) সকালে এতিমখানায় ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া নৌকাগুলো কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে জানান তিনি।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন শুক্কুর শেখ (২৫), মফিজ গাজী (৬০), সাব্বির গাজী (১৮), ফরহাদ গাজী (১৯), হাবিব খান (২০), তোফাজ্জল হোসেন (৫৫), সিয়াম পাটওয়ারী (২২), আলমগীর হাওলাদার (২৫), শহীদ গাজী (২৬), মো. আব্বাস (৪০), রিপন মিয়াজী (২০), মো. মাসুদ (৪১), নুর মোহাম্মদ (৩৫), দেলু সরদার (৪৫), মো. শাকিল (১৯), কালু খান (৩০), মো. হাবিব (৩৫), মো. হাবিব খান (৪০), মো. বারেক (২৮) ও মো. রবিউল ইসলাম (১৯)। তারা সবাই চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।