চাঁদপুরের কচুয়ায় খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার উজানী গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রহিম হোসেনের মেয়ে সাদিয়া (১০) ও বিল্লাল হোসেনের মেয়ে সামিরা (৮) সম্পর্কে বোন। সামিরা চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্বজনরা জানান, দুপুর ১টার দিকে সাদিয়া ও সামিরা বাড়ির উঠানে খেলছিল। পরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে দুই শিশুর দেহ ভাসতে দেখেন তারা।
এরপর তাদের দ্রুত উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম বিকেল ৩টার দিকে দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে কোনো মামলা হয়নি।’