ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা বন্ধু ছিলেন বলে জানা গেছে।
বুধবার (২০ মে) সকালে পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা আইল্যান্ডে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়।
নিহত ঋত্বিক ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে এবং আশিক একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ (বুধবার) সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় পৌঁছালে একটি মোড় অতিক্রম করার সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। পরে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলেই ঋত্বিকের মৃত্যু হয়। আহত আশিককে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনিও মারা যান বলে জানায় পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।