রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া (২০) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৩১ জুলাই) ভোরে শাহবাগ থানাধীন ঢামেক হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত রিয়ার বাড়ি পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরডাঙ্গি গ্রামে।
নিহতের বাবা লতিফ মল্লিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ে পাঁচ দিন যাবৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল। ‘আজ (শুক্রবার) ভোররাতে পাশের অন্য রোগীর স্বজনরা আমাকে বলে, এই দেখেন, আপনার মেয়ে লাফ দিচ্ছে।
‘সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গিয়ে দেখি সব শেষ। আমার মেয়ে লাফ দিয়ে নিচে পড়ে যায়। সবাই তাকে লাফ দিতে নিষেধ করলেও সে কারও কথা না শুনে লাফ দিলে নিচে থাকা একটি প্রাইভেট কারের ওপর পড়ে। এতে তার মাথা ফেটে মগজ বেরিয়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ভোর ৫টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘এসএসসি পাস করার পরই সিঙ্গাপুরপ্রবাসী এক ছেলের সঙ্গে মোবাইলে আমার মেয়ের বিয়ে দেই। এর মধ্যে ওর স্বামী দেশে এসে আবার চলে যায়। অনেক চেষ্টার পরও সন্তান না হওয়ায় ধীরে ধীরে ওর মানসিক সমস্যা শুরু হয়। গত দশদিন যাবৎ ওর সমস্যাটা একটু বেশি হচ্ছিল। সব সময় উল্টাপাল্টা কথা বলত। ওকে কিছু জিজ্ঞেস করলে বলত, ‘এটা কোন দেশ? আমি কোন দেশে আছি?’ এছাড়া জিহ্বায় ঘা ও শরীরের অন্যান্য কিছু সমস্যা নিয়ে পাঁচ দিন যাবত ঢামেক হাসপাতালে ভর্তি ছিল। আমার দুই সন্তানের মধ্যে আমার মেয়ে ছিল বড়।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।