নওগাঁর মান্দা উপজেলায় বাঁশঝাড় থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ব্যাটারিচালিত ভ্যান ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিয়াম হোসেন (২০) উপজেলার চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
নিহতের বাবা নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সিয়াম আর বাড়ি ফেরেনি। রাতে পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পান।
পরে শুক্রবার সকালে দোডাঙ্গী গ্রামের শাহাদত হোসেন শাহের বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনরা। সেখানে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন তার বাবা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, সিয়ামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যার পর তার ভ্যান ও মোবাইল ফোন নিয়ে গেছে।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।