নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও বাসের সংঘর্ষে ১৪ জন নিহত হওয়ার ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত।
তদন্ত কমিটির সদস্যরা বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বনপাড়া পৌরসভার সরদারপাড়া এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরে তারা নাটোর সদর জেনারেল হাসপাতালে ভর্তি আহতদের সঙ্গে দেখা করেন।
তদন্ত কমিটির প্রধান আবুল হায়াত বলেন, ফিটনেসের মেয়াদ পার হওয়ার পরও আরপি পরিবহনের বাসটি পরিচালনা করছিল কর্তৃপক্ষ। বেপরোয়া গতিতে অন্য যানবাহনকে অতিক্রম করার সময় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
দ্রুত তদন্ত শেষ করে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি।
এর আগে গতকাল (মঙ্গলবার) দুর্ঘটনার পর সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।