নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই নেতাকে হত্যার ছয় দিন পর মামলা হয়েছে।
নিহত সোহেল মোল্যার ভাই জুয়েল রানা বাদী হয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মামলাটি করেন।
সোহেল জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। নিহত আরেক ব্যক্তি শাহীন মোল্যা জাতীয়তাবাদী কৃষকদলের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, মামলায় ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে এবং মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
এর আগে গত ১৮ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নৈরাজ্য বন্ধের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের কালিয়া উপজেলা শাখার নেতাকর্মীরা শান্তিপূর্ণ মোটরসাইকেল মিছিল ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।
মিছিলটি বেন্দাচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে শাহীন ও সোহেল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।