পাবনা শহরের সিংগা বাইপাস এলাকায় ড্রাম ট্রাকের চাপায় আবুল কালাম আজাদ (৫০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা-পাবনা-রাজশাহী বাইপাস মহাসড়কের সিংগা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবুল কালাম আজাদ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের মৃত ডা. তোয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে সিংগা বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আজাদ। তিনি সিংগা বাইপাস এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই তার মৃত্য হয়।
ওসি তরিকুল বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।