পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০১৫ সালের একটি হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় দেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক ছিলেন। একই মামলায় অন্য আরেক আসামি মো. ইউসুফ আকনকে খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলে— মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো. ইউনুস আকনের ছেলে মো. কামরুল আকন ও চরকখালী গ্রামের মো. টুকু মিয়া হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ মে বিকেলে পূর্বশত্রুতার জেরে কামরুল, সোহাগ, ইউসুফসহ আরও ২-৩ জন মঠবাড়িয়া পৌর এলাকার মো. হালিম কাজীর ছেলে রাকিবুলকে বেতমোর বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ওই দিন মঠবাড়িয়া থানায় কামরুল আকন, সোহাগ হাওলাদার ও ইউসুফ আকনসহ আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। পরে পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। এরপর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত কামরুল আকন ও সোহাগ হাওলাদারকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।