পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় এক বাসের সহকারী নিহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত মো. সিয়াম বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান জানান, বাসে আগুন দেখে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় তারা ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন ওসি জগলুল হাসান।
অন্যদিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে চারটি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।