দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. অন্তর (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে মোটরসাইকেলের জন্য তেল আনতে বের হলে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত অন্তর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার-সংলগ্ন মিদ্দাবাড়ির একরামুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, চলমান পরিস্থিতির কারণে কোম্পানীগঞ্জের তেলের দোকানগুলোতে অকটেন ও পেট্রোল সংকট চলছে। এ কারণে অন্তর মোটরসাইকেলের জন্য তেল আনতে বিকেলে বাড়ি থেকে ফেনীর উদ্দেশে বের হন। তেল সংগ্রহ করে ফেরার পথে এনায়েতভূঞা এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি নিহত হন। এ সময় আরও এক মোটরসাইকেলআরোহী গুরুতর আহত হন।
নোয়াখালীর চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) হুমায়ন কবির বলেন, এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিহতের স্বজনেরা দুর্ঘটনার সঠিক কারণ ও জড়িত যানবাহন শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে ফেনী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখায়েত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।