বগুড়ার শিবগঞ্জে মোহাম্মদ আলী (৭০) নামে এক রাইস মিলমালিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তারা মিল থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (৫ জুলাই) রাতে উপজেলার ফেনিগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী উপজেলার ফেনিগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত কছিরউদ্দীনের ছেলে।
জানা গেছে, গতকাল (রবিবার) রাতে মোহাম্মদ আলী নিজের রাইস মিলে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মিলের পেছনের দিক দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তাকে হাত-পা ও মুখ বেঁধে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ সময় মিলে থাকা তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করে নিয়ে যায় তারা।
আজ (সোমবার) সকালে মোহাম্মদ আলী বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার রাইস মিলে যান। সেখানে গিয়ে তারা বিছানায় হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।