কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতি সাজেদুর রহমান সাহিনসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান সাহিন (৫২), জেলা স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০), শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯) ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে পরিচিত ফেরদৌস হোসেন (২৬)।
এদের মধ্যে সাজেদুর রহমান সাহিনের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। সাব্বির হোসেন নির্জনের বিরুদ্ধে রয়েছে ১০টির বেশি মামলা। আর ফেরদৌস হোসেনের বিরুদ্ধে অন্তত দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, গ্রেপ্তার চারজনই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তারা ঢাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অভিযান চালানো হয়। গতকাল (সোমবার) রাত ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের বগুড়ায় আনা হয়েছে। আজ (মঙ্গলবার) তাদের আদালতে হাজির করা হবে।