বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে চার লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার তুমব্রু সীমান্তে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) তুমব্রু বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গতকাল (শনিবার) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে নয়াপাড়া এলাকায় অবস্থান নেয়।
ভোর সাড়ে ৪টার দিকে টহলদল অত্যাধুনিক থার্মাল ইমেজারের মাধ্যমে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে। বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা মালামাল ফেলে মিয়ানমারে পালিয়ে যান। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে বিজিবি টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ উদ্ধার করে। ব্যাগগুলো তল্লাশি করে মোট চার লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে বিজিবি বলেছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।