মানিকগঞ্জের শিবালয়ে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) ও একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে ঘিওর উপজেলার মৌহালী থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশাটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে দুর্ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন এবং আরেক যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মারা যান। এছাড়া গুরুতর আহত অটোরিকশাচালককে ঢাকায় পাঠানো হয়েছে।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এদিকে দুর্ঘটনার পর এলাকাবাসী মহাসড়কে সেলফি পরিবহন বন্ধের দাবিতে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে শত শত যানবাহন আটকা পড়ে। এর আগেও বেপরোয়া গতির সেলফি পরিবহনের কারণে বহু প্রাণহানি হয়েছে বলে তারা অভিযোগ করেন।
প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর দুপুর পৌনে ১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান।