ময়মনসিংহে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত ও অন্তত আটজন আহত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারাপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক, ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০) ও ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক পুরুষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস হালুয়াঘাট থেকে ছেড়ে ঢাকার দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি আলালপুর এলাকা পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ দুর্ঘটনায় দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুর্ঘটনাস্থলেই যাত্রী আব্দুর রাজ্জাক মারা যান। এছাড়া আহত হয় অন্তত আটজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন বলেন, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা ছয়জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করি। বাস দুটি জব্দ করা হয়েছে। তবে দুই বাসের চালক ও সহকারিরা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’