যশোরের মনিরামপুরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৪০) আটক করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) সকালে পৌরসভার জয়নগর জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ওই ব্যাক্তি জয়নগর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই শিক্ষার্থীকে উত্যক্ত করছিলেন। গতকাল (শনিবার) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ভুক্তভোগীকে একা পেয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে ভুক্তভোগী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, অভিযোগের পরপরই একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।