যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকার সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল এ অভিযান চালায়।
আটক জালাল উদ্দিন শেখ (৫৫) পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের বাসিন্দা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দলটি যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন জালালকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে জালালের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এছাড়া নগদ তিন হাজার ২৪০ টাকা ও ২০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে তার কাছ থেকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল জানিয়েছেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে সোনার বারটি নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় মামলা দায়ের করে জালালকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।