ভারতে পাচারের সময় যশোরের শার্শায় ২৬টি সোনার বারসহ রিপন হোসেন (৪১) নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে সাত কোটি ৬৭ লাখ টাকা মূল্যের সোনা জব্দ করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বাগআঁচড়া বাজার এলাকার বাবু সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাকে আটক ও সোনা জব্দ করা হয়।
আটক রিপন হোসেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, সোনার একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেটে এক পাচারকারী অবস্থান করছেন—রাতে এমন গোপন সংবাদ পায় তার। পরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের রুদ্রপুর ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালিয়ে পাচারকারী রিপন হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২৬টি সোনার বার, পাচারকাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়।
জব্দ করা সোনার ওজন তিন কেজি ৪৩৮ গ্রাম, যার বাজারমূল্য সাত কোটি ৬৭ লাখ টাকা। অন্যান্য মালামালসহ মোট জব্দমূল্য ৭ কোটি ৭২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটক রিপনের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা সোনার বারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।
চোরাকারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে বিজিবি।