রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরি করে পালানোর অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে দুজন নিহত হয়েছেন।
রবিবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) ও কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার ব্যাটারিচালিত অটোরিকশার চালক সিদ্দিকুর রহমান সোহেলের বাড়ি থেকে অটোরিকশা চুরি করে পালানোর সময় তিনি টের পেয়ে যান। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং মসজিদে মাইকিং করা হয়।
এরপর স্থানীয়দের ধাওয়া খেয়ে তিস্তা সেচ ক্যানেলের কাছে অটোরিকশাটি রেখে ধানক্ষেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করেন রেজাউল ও সাদিকুল। এ সময় তাদের আটক করে সংঘবদ্ধ পিটুনি দেওয়া হলে তারা মারা যান।
সোহেল বলেন, স্ত্রী চোরদের অটোরিকশা নিয়ে যেতে দেখে তাকে ডাকেন। তিনি বের হয়ে অটোরিকশাটি টেনে ধরার চেষ্টা করলে চোররা তাকেসহ অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তিনি চিৎকার করলে মসজিদের মুসল্লিরা বের হয়ে তাদের ধাওয়া দেন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, পুলিশ সুরতহাল শেষে দুজনের মরদেহ থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য দেহ দুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।