রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
পুলিশ, নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণশ্রমিকের কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন আতিক, মুকুল, শাকিবসহ একই এলাকার ছয়জন। পথে তাদের সঙ্গে বাসের কর্মীদের বাগ্বিতণ্ডা হয়।
তারাগঞ্জে পৌঁছালে আতিককে বাসে আটকে রেখে অন্যদের নামিয়ে দেওয়া হয়। পরে তাকে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার বাসে ওঠেন। এ সময় বাসের কর্মীদের সঙ্গে তাদের তর্ক বাধে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।
এ সময় বাসের লোকজন লাথি মেরে মুকুল ও শাকিবকে চলন্ত বাস থেকে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে।
পরে আতিকের চিৎকার শুনে একটি মাইক্রোবাসের সহায়তায় চিকলী এলাকায় বাসটি আটকানো হয়। এ সময় বাসের চালক ও সহকারীকে আটক করে পুলিশ।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় যায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা দুজনকে পড়ে থাকতে দেখেন। তবে সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে বলে তারা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করেন।