রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিষ্ণুমূর্তি এবং চারটি কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে এগুলো উদ্ধার করা হয়। আজ (শুক্রবার) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি ১৩-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেপ্তাররা হলেন— নগরীর গুপ্তপাড়ার মিজান (৪২), হারাগাছ থানার নয়াবাজার গ্রামের মোজাফফর হোসেন (৩৭) এবং কাউনিয়া থানার সোনাতন সিদ্দিক বাজার গ্রামের মাজেদুল ইসলাম (২৯)।
এসআরবি ১৩ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যে এসআরবি-১৩ সদস্যরা বৃহস্পতিবার রাতে নগরীর দক্ষিণ গুপ্তপাড়ার এ কে এম হুমায়ুন কবিরের চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ দশমিক ১ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি এবং ৬ দশমিক ৮ কেজি ওজনের চারটি কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করে এসআরবি-১৩। এ সময় মূর্তি চোরাচালান চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করেছে। উদ্ধার হওয়া মূর্তিসহ জব্দ আলামত এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।