রাজশাহীতে এক বিচারকের ছেলেকে হত্যার মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।
নিহত তাওসিফ রহমান সুমন বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে।
অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়। তিনি সাবেক সেনাসদস্য। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে লিমন মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশের পাশাপাশি তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের পর আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম।
তিনি বলেন, আদালত এ ধরনের হত্যাকাণ্ডকে পরিকল্পিত ও বিচার বিভাগের ওপর আঘাত হিসেবে পর্যবেক্ষণে উল্লেখ করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর রাজশাহী মহানগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় প্রবেশ করেন লিমন মিয়া। তিনি ওই পরিবারের পূর্বপরিচিত ছিলেন।
একপর্যায়ে ছুরিকাঘাতে বিচারকের ছেলে সুমনকে হত্যা করেন লিমন। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও গুরুতর আহত হন।
ঘটনার পরদিন লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় মামলা করা হয়।
এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মামুন অর রশিদ।