খুলনা নগরীতে শীর্ষ সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশের স্ত্রী টিকলি মাক্কি রাানীকে (৩০) আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।
ডিবি জানায়, পলাশের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। পরে সেখান থেকে পলাশের স্ত্রীকে আটক করা হয় এবং তিনটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটক টিকলি মাক্কি রাানী জিজ্ঞাসাবাদে জানান, তার স্বামী পলাশ গ্রেপ্তার হওয়ার পর দুই সন্তানকে নিয়ে তিনি ঢাকায় গিয়ে একটি গার্মেন্টসে চাকরি করেন। স্বামীর সংসারে তিনি আর ফিরতে চাননি। কিন্তু তার স্বামীর জামিন হয়েছে—এমন মিথ্যা তথ্য দিয়ে তার ভাসুর তাকে আবার খুলনায় নিয়ে আসেন। তিনি এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নন বলেও দাবি করেছেন।
ডিবির কর্মকর্তা আহাদুজ্জামান বলেন, পলাশের বাড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। তবে সন্ত্রাসী পলাশের বড় ভাইয়ের কাছে এসব অস্ত্র ছিল ছিল বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের ৭ ডিসেম্বর যশোর থেকে শীর্ষ সন্ত্রাসী পলাশকে গ্রেপ্তার করে র্যাব-৬। বর্তমানে তিনি কারাগারে আছেন। পলাশ মূলত খুলনা ও আশপাশের জেলার চিংড়ির ঘেরের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে সোনাডাঙ্গা থানায় আটটি হত্যা মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।