শেরপুরে সীমান্ত দিয়ে মানবপাচারকারী চক্রের মাধ্যমে দুইজনকে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা ব্যর্থ করে তাদের ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৯ জুন) সকাল সোয়া ৯টার দিকে শ্রীবরদী উপজেলার রানিশিমুল ইউনিয়নের খাড়ামুরা সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি সুত্রে জানা গেছে, ভারতীয় মানবপাচারকারীরা ওই দুজনকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দিয়েছিল। পরবর্তীতে তাওয়াকুচা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সকাল ৯টা ২০ মিনিটে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) দায়িত্বপূর্ণ শেরপুর সীমান্তে মেইন পিলার ১০৯৭-এর পাশ দিয়ে তাদের আবার ভারতের দিকে ফেরত পাঠান। বর্তমানে তারা ভারতীয় কাঁটাতারের বেড়া ও সীমান্ত পিলারের মাঝামাঝি শূন্যরেখায় অবস্থান করছেন।
বিজিবি জানিয়েছে, মানবপাচারকারীদের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করা ওই দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের যশোরের বাসিন্দা বলে দাবি করলেও তারা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।
স্থানীয় বাসিন্দা টুটুল বলেন, দুজন ব্যক্তি গতকাল (রবিবার) সন্ধ্যা থেকেই কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছিলেন। আজ (সোমবার) সকালে তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন। পরে বিজিবি তাদের আবার সীমান্তের ওপারে পাঠিয়ে দেয়। বর্তমানে তারা পিলারের পাশে শূন্যরেখায় রয়েছেন।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দায়িত্বপ্রাপ্ত শেরপুর সীমান্তে মেইন পিলার (এমপি) ১০৯৭-এর নিকট দিয়ে আজ দুই জন ব্যক্তির বাংলাদেশে অনুপ্রবেশের প্রচেষ্টা বিজিবি ব্যর্থ করে দিয়েছে। বিজিবির টহল দলের তাৎক্ষণিক সতর্ক অবস্থান গ্রহণ এবং সীমান্তবর্তী স্থানীয় জনগণের সহযোগিতার ফলে অনুপ্রবেশের প্রচেষ্টা সফল হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমান বলেন, ‘আজ সকালে সীমান্ত এলাকায় দুইজনকে পাওয়া যায়। আমরা তাদের ভারতের সীমানায় রেখে এসেছি। বর্তমানে তারা ১০৯৭ নম্বর পিলারের পাশে অবস্থান করছে। সীমান্তে মানবপাচারসহ সব ধরনের অনুপ্রবেশ ঠেকাতে আমরা সর্বোচ্চ তৎপর রয়েছি।’