সিলেটে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) মধ্য রাত আড়াইটার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধারের আগে মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তারা।
নিহতরা হলেন দক্ষিণ সুরমা থানার চণ্ডীপুল এলাকার জীবন বিশ্বাসের স্ত্রী মঞ্জুশ্রী চক্রবর্তী ওরফে প্রমি (৩৩) ও তাদের ১১ মাস বয়সী মেয়ে জয়শ্মিতা বিশ্বাস ওরফে শ্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তারা দুজন নিখোঁজ হলে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেন। এরপর দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও নিখোঁজের খবর ছড়িয়ে দেওয়া হয়।
পরে রাতে শাহজালাল সেতুর কাছে সুরমা নদীতে দুটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।
নিহত মঞ্জুশ্রীর স্বামী জীবন বিশ্বাস জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তাদের ১৪ বছর বয়সী ছেলে বাসায় পড়াশোনা করছিল। একপর্যায়ে মাকে ঘরে না পেয়ে সে বাসার বিভিন্ন কক্ষ ও ছাদে খোঁজাখুঁজি করে। কোথাও না পেয়ে ফোনে বাবাকে বিষয়টি জানায়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর মা ও মেয়ের মরদেহ সুরমা নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, কীভাবে তাদের মৃত্যু হয়েছে বা কীভাবে তারা নদীতে গেলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।