সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রীসহ প্রায় এক কোটি ২৩ লাখ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩১ অক্টোবর) ভোররাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর দপ্তরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, উৎমা, বিছনাকান্দি, লাফার্জ, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও তামাবিল বিওপির নিয়মিত টহল দল এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী ছাড়াও মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সোনপাপড়ি, জিরাসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়।
এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, রসুন ও সোয়েটার এবং অবৈধভাবে পাথর বহনের কাজে ব্যবহৃত বাংলাদেশি ঠেলাগাড়ি জব্দ করা হয়।
জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য এক কোটি ২৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।