সিলেট মহানগরীতে রাবার বাগান থেকে একটি পুরোনো বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে (বুধবার) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শাহপরাণ (রহ.) থানার খাদিমপাড়া ইউনিয়নের পশ্চিম দলইপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, বাগানে তল্লাশি চালানোর সময় ঝোপের মধ্যে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
অস্ত্রগুলো সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে।