সারাদেশ
খিলগাঁওয়ে বাসা থেকে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ের নিজ বাসায় শাহানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় খিলগাঁওয়ের নিজ বাসার তৃতীয় তলায় এ ঘটনাটি ঘটে।
পরে অচেতন অবস্থায় শাহানুরকে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি ভারপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক।
নিহত শাহানুর রহমান রাজবাড়ীর পাংশা উপজেলার বিল গজারিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার ভাই সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। তিনি পারিবারিক কারণে কিছুদিন যাবত মানসিক বিষণ্নতায় ভুগছিলেন। আজ সন্ধ্যার দিকে কাউকে কিছু না বলে ঘরে গিয়ে তিনি দরজা বন্ধ করে রাখেন। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় আমরা পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে প্যান্টের কাপড় গলায় পেঁচিয়ে তিনি ঝুলে আছেন। পরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।’
মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
১৩০ দিন আগে
বিয়ের দাওয়াত খেয়ে বাসায় ফেরা হলো না দুই বন্ধুর
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেআরোহী খাইরুল হোসাইন (২২) ও মো. ইয়াসিন (২৭) নামের দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় খাইরুলকে এবং রাত সাড়ে ১২টার দিকে ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত খাইরুল কিশোরগঞ্জ সদরের মাহিন্দ্রা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। তিনি ভাষানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে, একই ঘটনায় মোটরসাইকেলচালক ইয়াসিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর বংশী গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন। দুই বন্ধু ভাষানটেক এলাকায় থাকতেন।
নিহত খাইরুল হোসাইনের ভগ্নিপতি মহসিন জানান, ওরা দুই বন্ধু মিলে গতকাল (শনিবার) সকালে মোটরসাইকেলে করে নোয়াখালীতে গিয়েছিল এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। সেখান থেকে ফেরার সময় শনির আখড়ায় দুর্ঘটনাটি ঘটে। এতে কিছুক্ষণের ব্যবধানেই ঢামেক হাসপাতালে দুই বন্ধুর মৃত্যু হয়। এ ঘটনার পর ট্রাকটি যাত্রাবাড়ী থানা পুলিশ জব্দ করে হেফাজতে নিয়েছে বলে জানতে পেরেছি।
পুলিশ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
১৩০ দিন আগে
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ নিহত ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে ব্যাটারিচালিত ভ্যান ও ট্রাক্টরের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ফাসিতলা কলাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ থেকে একটি আলুবোঝাই ভ্যান ফাসিতলার দিকে যাচ্ছিল। ভ্যানটি ফাসিতলা কলাহাটিতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক্টরের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ভ্যানের মালিক মুনছর আলী ও সহকারী রানা মিয়া নিহত হন।
নিহতদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জে। গতকাল (শনিবার) রাতেই মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে যান।
১৩০ দিন আগে
ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, বেনাপোল বন্দরে বিশেষ সতর্কতা
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ৮টি ভারতীয় ট্রাকে করে বিস্ফোরক দ্রব্যের ওই চালানটি বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। আমদানিকৃত পণ্য চালানটি অত্যন্ত বিপজ্জনক শ্রেণিভুক্ত হওয়ায় বন্দর এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশের দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কাজ পরিচালনার জন্য এই বিস্ফোরকগুলো আমদানি করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান ‘মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড’ এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের ‘সুপার শিভ শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড’।
বিপজ্জনক পণ্য হওয়ায় জনবহুল বন্দর এলাকায় এই বিস্ফোরক রাখা নিয়ে স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, বিস্ফোরকের চালানটি বন্দরে প্রবেশের পর থেকেই কাস্টমস, বন্দর নিরাপত্তা বিভাগ, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
১৩০ দিন আগে
গাজীপুরে অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চলাচলের অনুমতি ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। পুলিশের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর সকাল ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় ২০০ থেকে ২৫০ জন অটোরিকশাচালক একত্র হয়ে এই অবরোধ শুরু করেন।
এ সময় তারা মহাসড়কে অটোরিকশা চলাচলের বৈধ অনুমতি প্রদান এবং অযৌক্তিক পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ করেন। অবরোধের কারণে দীর্ঘ যানজটে পড়ে কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন জানান, খবর পেয়ে থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে দেড় ঘণ্টা সময় লাগে তাদের।
১৩০ দিন আগে
পটুয়াখালীতে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার
পটুয়াখালীর ২ নং বাধঘাট এলাকায় চার দিন নিখোঁজ থাকার পর পিয়ারা বেগম (৬৯) নামে এক বৃদ্ধার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নিহতের বাড়ির পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলেন, পিয়ারা তিন মেয়ে ও দুই ছেলের সঙ্গে একই বাড়িতে বাস করতেন। গত বুধবার তিনি নিখোঁজ হন। পরেরদিন (বৃহস্পতিবার) তার ছেলে সুমন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয়রা খালে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
১৩১ দিন আগে
যশোরে বরযাত্রীবাহী বাস খাদে, ১২ জন আহত
যশোরের চৌগাছায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার টেঙ্গরপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন বাথানগাছী গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীবাহী বাসটি অভয়নগরের উদ্দেশে ফিরছিল। পথের মাঝে উপজেলার টেঙ্গরপুর মোড় পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ১২জন যাত্রী আহত হয়েছেন।
আহতরা হলেন— অভয়নগরের শংকরপাশা গ্রামের আপন বিশ্বাস, নিমাই রায় (৮০), বিকাশ (৩৮), নয়ন (২৬), সাধন কুমার (৫০), গৌর বিশ্বাস (৪৫), চন্দ্রা (২২), শ্রাবণী (১৮), পারুল হাজরা (৪৮) ও প্রীতি (১৭)। এছাড়া আহত হয়েছেন সদর উপজেলার হামিদপুর গ্রামের সুদীপ্ত সরকার (১৭) এবং মাগুরা সদরের কয়ারী গ্রামের হৃদয় অধিকারী (১৮)।
দুর্ঘটনার পর বাসের অন্য যাত্রী ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান স্থানীয়রা।
হাসপাতাল সূত্র জানায়, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
১৩১ দিন আগে
ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা- বরিশাল মহাসড়কে নয়াপাড়া প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বরিশাল থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাকের সহকারী নিহত হন। এ সময় আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে আরও একজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। নিহত দুইজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
১৩১ দিন আগে
লালমনিরহাটে ব্রডগেজ লাইন ও তিস্তা সেতুর মহাপরিকল্পনা রয়েছে: রেলওয়ে মহাপরিচালক
লালমনিরহাট রেলওয়ে বিভাগকে আধুনিকায়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে জেলার রেলওয়ে বিভাগের বিভিন্ন দপ্তর ও ঐতিহাসিক তিস্তা রেলসেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরিকল্পনার কথা জানান রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।
রেলওয়ের মহাপরিচালক বলেন, লালমনিরহাট বিভাগে বর্তমানে মিটারগেজ রেললাইনের আধিক্য বেশি। রেল সেবাকে আরও গতিশীল ও আধুনিক করতে পার্বতীপুর থেকে লালমনিরহাট পর্যন্ত ব্রডগেজ লাইন স্থাপন করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের বিবেচনায় রয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।
তিস্তা রেলসেতুটি নিয়ে আফজাল হোসেন জানান, সেতুটির আয়ুষ্কাল ২৫ বছর আগেই পার হলেও অত্যন্ত দক্ষতার সঙ্গে এটি এখনো সচল রাখা হয়েছে এবং ট্রেন চলাচল অব্যাহত আছে। তবে ব্রডগেজ লাইন স্থাপনের দীর্ঘমেয়াদী পরিকল্পনাটি বাস্তবায়িত হলে, বর্তমান সেতুর স্থলে একটি আধুনিক নতুন রেলসেতু নির্মাণের বিষয়টিও সেই পরিকল্পনার অন্তর্ভুক্ত থাকবে।
রেলওয়ে মহাপরিচালক তিস্তা রেলসেতুর বিভিন্ন যন্ত্রাংশ ও মালামাল চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি কঠোরভাবে মনে করিয়ে দেন যে, রেলওয়ে রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা শুধু রেল কর্তৃপক্ষের কাজ নয়, বরং আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষকে রাষ্ট্রীয় এই সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা, বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
১৩১ দিন আগে
ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার, আটক ১
ফরিদপুরের মধুখালীতে অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ডুমাইন গ্রামে এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।
মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে আটক হন ওই গ্রামের বাদল সরকার (৫২)।
অভিযানে বাদলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, ২টি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার ও হ্যাকসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে যৌথবাহিনী।
সেনা সূত্রে জানা যায়, ডুমাইন এলাকায় দীর্ঘদিন ধরে দেশীয় অবৈধ অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ পাওয়া যাচ্ছিল। সেনাবাহিনী গোয়েন্দা তথ্যে খবর পায়, বাদল নিজস্ব ওয়ার্কশপে নিয়মিতভাবে অস্ত্র তৈরি করতেন এবং এসব অস্ত্র ফরিদপুরের বিভিন্ন এলাকার দুর্বৃত্তদের কাছে সরবরাহ করতেন। সম্প্রতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের চাহিদা বেড়েছে বলেও জানান সেনাবাহিনীর এক সদস্য।
সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বাদলের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। অভিযানের পর উদ্ধার অস্ত্র ও সরঞ্জামসহ তাকে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বাদলের বিরুদ্ধে। তাকে আজ (শনিবার) আদালতে পাঠানো হবে।
১৩১ দিন আগে