সারাদেশ
নড়াইলে নিজের ট্রলির চাপায় চালক নিহত
নড়াইলের কালিয়া উপজেলায় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তার নিচে চাপা পড়ে ইরান শেখ (২১) নামে ওই ট্রলির চালক নিহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার নড়াগাতী থানা এলাকার চাপাইল-কালিয়া সড়কের মূলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইরান শেখ কালিয়া উপজেলার জোকা গ্রামের মো. জুয়েল শেখের ছেলে। নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে জোকা গ্রাম থেকে ট্রলিটি চালিয়ে কালিয়ার দিকে যাচ্ছিলেন ইরান। একপর্যায়ে মুলখানা এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ইরান। খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি হেফাজতে নেয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
৮৫ দিন আগে
স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড
স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১১ মার্চ) দুপুরে বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। রায়ে একজনকে বেকসুর খালাসও দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন— সদরের পাকুল্যা মধ্যপাড়া গ্রামের মো. ফারুক হোসেন, মুনছুর আলী ও ফেরদৌস হোসেন। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন একই এলাকার জাহিদুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে জামালপুর সদর উপজেলার পাকুল্লা এলাকায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেন আসামিরা।
তিনি জানান, এ ঘটনার পরদিন ভুক্তভোগী বাদী হয়ে সদর থানায় মামলা করেন। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছেন। এছাড়া প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
৮৫ দিন আগে
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় সহ্য করা হবে না: হাইওয়ে ডিআইজি
হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস, উত্তর) মো. রফিকুল হাসান গণি বলেছেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনভাবেই সহ্য করা হবে না। ভাড়া সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোনভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই।
বুধবার (১১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চন্দ্রা-কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবহন মালিকদের উদ্দেশে ডিআইজি বলেন, ‘আপনারা ফিটনেসবিহীন কোনো গাড়ি চালাবেন না। এ ছাড়াও দক্ষ চালক ছাড়া গাড়ি চালাতে দেবেন না। মহাসড়কে কোনো ধরনের গাড়ি পার্কিংয়ের সুযোগ নেই।’
এ ছাড়াও মহাসড়ক ও ফুটপাতে যেন কোনো দোকান বসতে না পারে এজন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন তিনি।
গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী খ. মো. শরীফুল আলম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন, বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান প্রমুখ।
এ সময় নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওগাতুল আলমসহ পরিবহন মালিক-শ্রমিক নেতারা এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।
৮৫ দিন আগে
সিরাজগঞ্জে অনুমোদনহীন ৬ ইটভাটাকে জরিমানা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমোদনহীন ৬টি ইটভাটার মালিককে সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে অবৈধভাবে ইট প্রস্তুত করায় দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রায়গঞ্জ উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে মেসার্স বর্ণ ব্রিকস মালিককে ২ লাখ টাকা, মেসার্স প্রত্যয় ব্রিকসের মালিককে ৩ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এডিবি ব্রিকসের মালিককে ৩ লাখ টাকা, মেসার্স লামইয়া ব্রিকসের মালিককে ৩ লাখ টাকা, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকসের মালিককে ৫ লাখ টাকা ও মেসার্স আরএফবি ব্রিকসের মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলম, র্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুমোদনহীন ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
৮৫ দিন আগে
সাতক্ষীরায় মন্দিরে চুরি, ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি
সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের নগদ অর্থ নিয়ে গেছে চোরের দল।
মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মন্দিরে এমন চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
বুধবার (১১ মার্চ) মধ্যরাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত ওই মন্দিরে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, চোরেরা মায়ের বাড়ি মন্দিরের কালীমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিমার বিভিন্ন স্বর্ণালংকার ও দানবাক্সের অর্থ চুরি করে নিয়ে গেছে।
চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে—চার ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের বালা, এক ভরি ওজনের দুই জোড়া শাঁখা, চার আনা ওজনের এক জোড়া কানের দুল, আট আনা ওজনের একটি ‘মায়ের জিভ’, আট আনা ওজনের একটি হার, দশ আনা ওজনের একটি নথ, চার আনা ওজনের দুই জোড়া পেটি, প্রায় পাঁচ ভরি রুপা, দানবাক্সের নগদ সাত হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী।
মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য শিক্ষক দীপাসিন্ধু তরফদার বলেন, ‘দুই দিন আগে শহরের কাটিয়া মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে। বার বার মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানাই।’
সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্দিরের কর্মকর্তা অসীম দাশ সোনা বলেন, মন্দিরের সিসিটিভি ফুটেজে কিছু তথ্য পাওয়া গেছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত চোরদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
৮৫ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে নাসিমা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে আটক করেছে।
বুধবার (১১ মার্চ) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর-হঠাৎপাড়া এলাকায় নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাসিমা বেগম (৩৬) ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
চাাঁইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ সময় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।
তিনি আরও জানান, পারিবারিক কলহের জেরে গতকাল (মঙ্গলবার) রাতে বাড়ির ভেতরে ধারালো অস্ত্রের আঘাতে নাসিমা বেগমকে হত্যা করে মিজানুর। পরে তার মরদেহ বাড়ির বাইরে এনে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
৮৫ দিন আগে
চাঁদপুরে ১২৭ মণ জাটকা জব্দ, ১০ জেলের কারাদণ্ড
চাঁদপুর জেলার হাইমচরের মেঘনায় অভিযান চালিয়ে ১২৭.৫ মণ (৫১০০ কেজি) জাটকাসহ ১০ জেলেকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার (১১ মার্চ) কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এ খবর নিশ্চিত করা হয় ।
কোষ্টগার্ড সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন হাইমচরের চরভৈরবী ও এর আশপাশের এলাকায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি বড় কাঠের জেলে নৌকায় তল্লাশি করে ৫ হাজার ১০০ কেজি জাটকা জব্দ করে। সে সময় ১০ জেলেকে আটক করা হয়।
জব্দ করা জাটকার বাজারমূল্য প্রায় ৩৫ লাখ ৭০ হাজার টাকা বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরবর্তীতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে জেলেদের নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, জব্দ করা জাটকাগুলো আজ (বুধবার) দুপুরে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
ইলিশের পোনা জাটকা সংরক্ষণের জন্য মার্চ ও এপ্রিল এই দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
৮৫ দিন আগে
রাজধানীতে দেওয়াল চাপা পড়ে ২ শিশু নিহত
রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় খেলা করার সময় দেওয়াল চাপা পড়ে দুই শিশু নিহত হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে শিশুদুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলো— আয়েশা মনি (৯) ও নুসরাত আক্তার (৬)।
আয়েশার বাবা ইকবাল জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডার উত্তর পূর্বাঞ্চলের ১০ নম্বর লেনের রাস্তার পাশে খেলার সময় একটি বাসার দেওয়াল ভেঙে পড়ে। এ সময় আমার মেয়ে ও নুসরাত দেওয়ালের নিচে চাপা পড়ে। এতে দুজনই গুরুতর আহত হয়। পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানার ইয়াফেদি এলাকায়। আর নুসরাতের বাবার নাম শরীফ মিয়া। বর্তমানে উত্তরা পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের ৮ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকত।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
৮৫ দিন আগে
অপরাধ দমনে সিলেট নগরীকে আইপি ক্যামেরার আওতায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজের গতি আরও বাড়াতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেছেন, সারা দেশের মধ্যে একটি দৃষ্টান্ত হিসেবে সিলেটকে গড়ে তুলতে চান। অপরাধ দমনে শিগগিরই সিলেট নগরীকে অত্যাধুনিক আইপি ক্যামেরার আওতায় আনা হবে বলেও তিনি জানান।
মঙ্গলবার (১০ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের দেশ এখনও সম্পদে সীমিত। তবুও যে সম্পদ ও সক্ষমতা রয়েছে, তা দিয়েই সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে হবে।
এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, আমরা সন্ত্রাসমুক্ত ও শান্তির নগর হিসেবে সিলেটকে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যেই সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাসমুক্ত সিলেট গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় খন্দকার আব্দুল মুক্তাদির পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা, আবাসন সুবিধাসহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (উত্তর ও দক্ষিণ), সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপকমিশনারবৃন্দ, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত র্কমকর্তাসহ (ওসি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৮৫ দিন আগে
সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিপণন নীতি পরিবর্তন না করলে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা দিয়েছেন সিলেটের পেট্রোল পাম্প ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, নতুন নীতিমালার কারণে প্রয়োজনের তুলনায় কম তেল সরবরাহ হওয়ায় ব্যবসায়িক ক্ষতি ও পাম্পগুলোতে উত্তেজনা তৈরি হচ্ছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার নেতারা জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, গত কয়েক দিনে সিলেটের বিভিন্ন পেট্রোল পাম্পে মালিক ও শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ একটি পাম্পে এক শ্রমিককে ছুরিকাঘাত করা হয়। আহত শ্রমিক বর্তমানে চিকিৎসাধীন আছেন।
সংগঠনের নেতারা বলেন, সারাদিন রোজা রেখে হাজার হাজার মানুষকে সেবা দেওয়ার পরও যদি নিরাপত্তা না থাকে, তাহলে শ্রমিকদের পক্ষে কাজ করা কঠিন হয়ে পড়ে। এ কারণে শ্রমিকদের আবেগ ও ক্ষোভ থেকে মঙ্গলবার এক শিফট কর্মবিরতি পালন করা হয়। তবে বিকেল থেকে যেসব পাম্পে তেল মজুত ছিল, সেগুলোতে আবার বিক্রি শুরু হয়।
পেট্রোল পাম্প মালিকদের দাবি, বিপিসি হঠাৎ করে একটি নতুন বিপণন নীতিমালা চালু করেছে। যেখানে গত বছর মার্চ থেকে জুন মাসে একটি পাম্প যত তেল উত্তোলন করেছে, ওই গড়ের ২৫ শতাংশ কম তেল সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, ৩০ দিনে মাস ধরে এই গড় নির্ধারণ করা হলেও বাস্তবে অনেক পাম্প মাসে ২০/২২ দিন তেল উত্তোলন করে। পাশাপাশি বিপণন কোম্পানিগুলোকে কোটা বেঁধে দেওয়া হযেছে, ফলে তারা পাম্পগুলোতে সীমিত পরিমাণ তেল দিতে পারছে। এতে ডিপো থেকে পাম্পে তেল আনতে পরিবহন ব্যয় একই রয়েছে, কিন্তু তেল কম আসছে।
সিলেটেই গ্যাস ফিল্ডের কন্ডেনসেট থেকে উল্লেখযোগ্য পরিমাণ অকটেন ও পেট্রোল উৎপাদিত হয় জানিয়ে সংগঠনের নেতারা আরও বলেন, দেশে অকটেন–পেট্রোলের ঘাটতি নেই। কিন্তু বিপণন নীতিমালার কারণে ডিপোতে মজুত থাকলেও পাম্পে সরবরাহ স্বাভাবিকভাবে করা যাচ্ছে না। এতে সাধারণ মানুষ পাম্প মালিকদের ওপর ক্ষুব্ধ হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে সংঘর্ষের ঘটনাও ঘটছে।
পাম্প মালিকদের মতে,‘ আমরা কোনো ধরনের মজুতদারি বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত নই। কেউ নির্ধারিত দামের বেশি দামে তেল বিক্রি করলে সংগঠন তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেবে।’
তাদের দাবি, বিপিসিকে দ্রুত নীতিমালা সংশোধন করে মাঠের বাস্তবতার ভিত্তিতে রাষ্ট্রীয় বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার মাধ্যমে তেল বণ্টনের ব্যবস্থা করতে হবে।
সংগঠনের তথ্যমতে, সিলেট বিভাগে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ লাখ লিটার ডিজেল, প্রায় ২ লাখ লিটার পেট্রোল এবং দেড় লাখ লিটার অকটেনের চাহিদা রয়েছে। কিন্তু বর্তমানে সরবরাহ হচ্ছে এর তুলনায় অনেক কম। নীতিমালা সংশোধন না হলে পাম্প খোলা থাকলেও ডিপো থেকে তেল উত্তোলন করা হবে না। এতে বিপণন কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। বিষয়টি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে তুলে ধরা হয়েছে। শিগগিরই বাণিজ্যমন্ত্রীর সঙ্গেও আলোচনা করার চেষ্টা করা হবে।
এদিন সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান। এ সময় সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার সন্ধা ৭টার দিকে সিলেট নগরীর চৌকিদেখীর উত্তরা পেট্রোলিয়াম পাম্পে তেল না পেয়ে কর্মী মিঠু গোয়ালাকে ছুরিকাঘাত করেন এক গ্রাহক। এতে ওই কর্মী গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার প্রতিবাদে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি মঙ্গলবার আধাবেলা ধর্মঘটের ডাক দেয়।
৮৫ দিন আগে